ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে মন্দার আশঙ্কা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা সামাল দিতে দেশের ভেতরে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারলে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বরাজনীতি বর্তমানে অস্থির সময় পার করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইরান যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে যে নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে, সেখান থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষা দিতে হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে সবার আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। এ সময় তিনি সড়ক অবরোধ ও মব সংস্কৃতির মতো অনভিপ্রেত কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ ১৬-১৭ বছরের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার অবদানের কথা স্মরণ করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে কাজ করার তাগিদ দেন তিনি।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি উজ্জল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন।

